আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অন্তবর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে ইউনিয়নের শ্রীরামপুর উচ্চবিদ্যালয় মাঠে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। মোরগ প্রতীকে প্রতিদদ্ধীতা করা আজিজুর রহমান বাচ্চু মোট ২৬৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদকের পদে জয়লাভ করেন। এর আগে তিনি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
একই নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন ছাতা প্রতীকের প্রার্থী মোঃ অলি উল্যা। তিনি পেয়েছেন ২৫৫ ভোট। অন্যদিকে সাংগঠনিক সম্পাদক পদে মাছ প্রতীকের জাহাঙ্গীর আলম সম্রাট ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪৫৩ জন, সকলে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএলডিপির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাৎ হোসেন সেলিমসহ কেন্দ্রীয় ও মহানগর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
