আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
ভাইয়ের কাছ থেকে সম্পত্তি ক্রয় করতে না পেরে মোঃ ইসলাম (৫৭) নামের এক পাষ- চাচা বসত ঘরের সামনে ব্যারিকেট দিয়ে মোঃ মাসুম বিল্লাহ্ (২৫) নামের ভাতিজার চলাচলের পথ বন্ধ করে দিয়েছে। স্থানীয় প্রভাবশালী আর দালালদের ইন্ধনে মোঃ ইসলাম লোকবল নিয়ে বুধবার সকালে ওই ব্যারিকেট দেন। এসময় ভাতিজাদের পিটিয়ে বাড়িছাড়া করার হুমকীও দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে রামগঞ্জ উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামের আশোক আলী বেপারী বাড়ি প্রকাশ হোস্তার বাড়িতে। এনিয়ে নিরুপায় ভাতিজা মাসুম বিল্লাহ বৃহস্পতিবার (১৩ফেব্রুয়ারী) সকালে রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ডিসেম্বর ২৪ইং বাড়ির মোঃ আনোয়ার উল্লার ছেলে মোঃ সিরাজ মিয়ার নিকট থেকে ৮.৮ শতক সম্পত্তি ক্রয় করেণ মোঃ মাসুম বিল্লাহ ও তার ভাই মোঃ শরীফ হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন বাড়ির চাচা মোঃ ইসলাম সহ তার পরিবারের লোকজন। ক্রয়কৃত ওই সম্পত্তি থেকে ২শতক সম্পত্তি মোঃ ইসলাম তার নিকট বিক্রয় করার জন্য মাসুম বিল্লাহ্, ভাই শরীফ হোসেন ও তাদের পিতা মোঃ মুসলিম মিয়াকে স্থানীয় প্রভাবশালী দালালদের মাধ্যমে হুমকী-ধমকীসহ চাপ প্রয়োগ করতে থাকেন। এতে ব্যার্থ হয়ে প্রভাবশালীদের পরামর্শে চাচা ইসলাম লোকবল নিয়ে ভাতিজা মাসুম বিল্লার বসতঘরের সামনে বাঁশের ব্যারিকেট দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয়।
এব্যাপারে মোঃ ইসলাম মিয়া জানান, মোঃ সিরাজ মিয়া তার সম্পত্তি নিজ ৩ভাইয়ের কাছে বিক্রয়ের কথা ছিলো। কিন্তু তিনি তা না করে ২ভাতিজার নিকট বিক্রয় করেছেন। এখন আমার ওই সম্পত্তি প্রয়োজন বিধায় ব্যারিকেট দিয়েছি।
