আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের তাহেরপুরে ফসলী মাঠ থেকে ড্রেজিং মেশিনের মাধ্যমে দীর্ঘ মাসব্যাপী চলছে বালি উত্তোলনের উৎসব। সরকারি বিধি মোতাবেক ফসলী জমি রক্ষায় রয়েছে নির্ধারিত আইন।
অন্যদিকে ড্রেজিং মেশিনের মাধ্যমে বালি উত্তোলনে রয়েছে নিষেধাজ্ঞা। কিন্তু রামগঞ্জের তাহেরপুরে ওই বিধি বিধানের তোয়াক্কাই করা হচ্ছেনা। ফলে তাহেরপুর গ্রামবাসীর মাঝে দেখা দিয়েছে গণ অসন্তোষ।
বুধবার (২৩অক্টোবর) সরজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, তাহেরপুর মাঠের মধ্যপ্রান্তে ড্রেজিং মেশিন বসিয়ে নির্বিঘ্নে চলছে ফসলী মাঠ থেকে বালি উত্তোলন কার্যক্রম। এলাকাবাসী জানান,স্থানীয় আহসান উল্লাহ মাষ্টার বাড়ির লোকজন তাদের সম্পত্তিতে মেশিন বসিয়ে ওই কার্যক্রম চালাচ্ছে।
প্রভাবশালী বিধায় পাশ্ববর্তী জমির মালিকগণ তাদের কিছুই বলতে পারছেননা। ড্রেজার মেশিন মালিক পূর্ব পানপাড়া গ্রামের মাহাবুল্লার ছেলে রাশেদ আলম দীর্ঘদিন যাবত মাঠের একই স্থান থেকে বালি উত্তোলনের কথা স্বীকার করেছে। ড্রেজিংয়ের মাধ্যমে এমন বালি উত্তোলন অব্যাহত থাকলে ভবিষ্যতে পাশ্ববর্তী ফসলী জমির দেবে যাওয়ার শংকায় রয়েছে স্থানীয় কৃষক মহল।
এ ব্যাপারে রামগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন জানিয়েছেন,ড্রেজিং পদ্বতিতে বালি উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। বিধি অমান্যকারীর বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।
