আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
কমিটি নিয়ে বিরোধের জের ধরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা কৃষকলীগ সভাপতি আবুল কাশেম মাষ্টারের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে একই কমিটির সাংগঠনিক সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মজিবুল্লাহ এর বিরুদ্ধে।
৬ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার পৌরশহরস্থ রামগঞ্জ ষ্টেশন মডেল স্কুলের পার্শ্বে সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা কৃষকলীগের কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে সংগঠনটির সভাপতি আবুল কাশেম মাষ্টার ও সাংগঠনিক সম্পাদক মজিবুল্লাহ সাথে বিরোধ চলে আসছে।
এরই সূত্র ধরে বৃহস্পতিবার সকালে আবুল কাশেম মাষ্টার বাসা থেকে বের হয়ে রামগঞ্জ যাওয়ার পথে পৌর শহরের ষ্টেশন মডেলের সামনে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা মুজিব উল্লাহ দেশীয় অস্র নিয়ে তার উপর হামলা করে।
প্রত্যক্ষদর্শী উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মঈন উদ্দিন মানিক ও সহ- সম্পাদক আবুল হোসেন জানান, আবুল কাশেমের বাসা থেকে একসাথে আসছিলেন তারা। ষ্টেশন মডেলের সামনে পৌছালে আমাদের পথরোধ করে ধারালো ছুরি দিয়ে আবুল কাশেম মাষ্টারের উপর হামলা করে মজিবুল্লাহ। একপর্যায়ে আবুল কাশেম মাষ্টার মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে সভাপতিকে বাসায় পৌঁছে দিয়েছেন তারা।
কৃষকলীগ সভাপতি আবুল কাশেম মাষ্টার বলেন, শ্রমিকদের অর্থ আত্মসাত করা সহ নানা অপকর্মে জড়িত মজিবুল্লাহ। এ ঘটনায় তাকে পৌর মেয়র আটকে রেখেছিল। বুধবার সন্ধায় ঈদ পূর্নমিলনীতে অংশগ্রহণ করে মজিবুল্লাহর বিভিন্ন অপকর্ম নিয়ে বক্তব্য রেখেছি। এতে ক্ষিপ্ত হয়ে মজিবুল্লাহ ধারালো ছুরি দিয়ে আমার উপর হামলা করে।
অভিযুক্ত উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মজিবুল্লাহ হামলার বিষয়টি অস্বীকার করে বলেন বলেন, হামলার বিষয়টি সঠিক নয়। আমি সাধারণ সম্পাদক হওয়ার কারনে তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তবে নতুন কমিটি এখনও প্রকাশ হয়নি।
লক্ষ্মীপুর জেলা কৃষকলীগের আহবায়ক সি এম আবদুল্লাহ বলেন, আমি ঢাকায় আছি। হামলার বিষয়টি এখনও শুনিনি। তবে খবর নিয়ে ব্যাবস্থা নেয়া হবে।
