প্রদীপ কুমার রায়:
লক্ষ্মীপুরের রায়পুরে রায়পুরে বিএনপিকে রাজনীতির মাঠে প্রতিহত করার ঘোষনা করেছে উপজেলা আওয়ামীলীগ।
সোমবার রাত আটটা দিকে উপজেলা আওয়ামীলীগের এক যৌথ সভায় শোকের মাস আগষ্ট উদযাপন উপলক্ষে বাসষ্টান্ডে শোকসভার কর্মসূচী জানিয়ে এ ঘোষণা দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান।
এদিকে একই সময়ে ও একই স্থানে উপজেলা বিএনপিও দ্রব্যম্যূল্যেরও উর্ধগতির প্রতিবাদে জনসভা করার ঘোষনা দেন।
এনিয়ে উভয় পক্ষের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ বলেন, ‘বাসস্ট্যান্ডে আমাদের নির্ধারিত শোকসভা ও বিক্ষোভ মিছিল করা হবে। শান্তিপূর্ণ রায়পুরে বিএনপিকে কোনো অশান্তি করতে দেওয়া হবে না। বিএনপি সেখানে জনসভার নামে অরাজকতা ও বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে।’ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার বলেন, ‘আমাদের জনসমাবেশের কর্মসূচি পূর্বনির্ধারিত। সে অনুযায়ী আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যেকোনো মূল্যে শান্তিপূর্ণ উপায়ে আমরা আমাদের সমাবেশ সম্পন্ন করব।
এরই মধ্যে সমাবেশের বিষয়টি লিখিতভাবে জেলা পুলিশ সুপার ও রায়পুর থানার ওসিকে অবহিত করা হয়েছে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধার সৃষ্টি করতে আওয়ামী লীগ এ ধরনের হঠকারী কর্মসূচি দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চায়।
’ এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ ও শোকসভা করার জন্য আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের পক্ষ থেকে আমাদের লিখিতভাবে অবহিত করা হয়েছে। সমাবেশ করতে দেওয়া-না দেওয়া কোনোটিই এখনো সিদ্ধান্ত হয়নি। যেকোনো সংঘাতময় পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
