ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানে জরুরি মানবিক সহায়তা হিসেবে উল্লেখযোগ্য পরিমাণ শুকনা খাবার, কম্বল, তাঁবু ও ওষুধসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার বাংলাদেশ সরকারের ওই সহায়তা আফগানিস্তানে পৌঁছয়। সহায়তা পাঠানোয় আফগানিস্তান বাংলাদেশকে কৃতজ্ঞতা জানিয়েছে।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আফগানিস্তানের পূর্বাঞ্চলে গত ২২ জুন শক্তিশালী ভূমিকম্পের আঘাতে সহস্রাধিক নাগরিক নিহত হয়েছে। এ ছাড়া দুই হাজারের বেশি গুরুতর আহত এবং শত শত ঘরবাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে।
ভূমিকম্পের ফলে খাদ্য ও পানি সংকট, বাসস্থান সংকট ও জরুরি চিকিৎসাসেবার অভাবে সেখানে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। আকস্মিক এ দুর্যোগ মোকাবেলায় আফগানিস্তানের সাধারণ জনগণের জন্য পাঠানো বাংলাদেশের ত্রাণসামগ্রী সশস্ত্র বাহিনী বিভাগ, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যাসেনশিয়াল ড্রাগস কম্পানি লিমিটেড, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), প্রাণ-আরএফএল গ্রুপ, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড থেকে অনুদান হিসেবে সংগ্রহ করা হয়েছে।
