আইন অনুযায়ী সাংবাদপত্রের অনলাইন ভার্সন ও নিউজ পোর্টালগুলো টকশো ও সংবাদ বুলেটিন প্রচার করতে পারে না বলে মন্তব্য করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ রবিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময়কালে এ সব কথা বলেন মন্ত্রী।
নীতিমালার গেজেট তুলে ধরে মন্ত্রী বলেন, সম্প্রতি এসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (এটকো) নেতৃবৃন্দ আমাদের নজরে এনেছেন যে; কিছু পত্রিকার অনলাইন ভার্সন ও নিউজ পোর্টাল অনলাইনে ‘টক শো’ এমনকি কেউ কেউ নিউজ বুলেটিনও প্রচার করছে- যার কোনও অনুমতি নেই। আমরা আইনকানুন ঘেঁটে দেখেছি। আইনে অনলাইন গণমাধ্যম নীতিমালার দ্বিতীয় অনুচ্ছেদের দুই, চার ও ছয় উপধারার বিধান অনুসারে তারা এ ধরনের কিছু প্রচার করতে পারে না।
ড. হাছান আরও বলেন, ডিজিটাল যুগে সংবাদের সাথে সংশ্লিষ্ট ভিডিও ক্লিপ দিলে আমি মনে করি সেটিতে নিয়মনীতির ব্যত্যয় হয় না, কিন্তু একেবারে টকশো কিংবা নিউজ বুলেটিন প্রচার করা নীতিমালা অনুমোদন করে না। আমরা কোনো তদন্ত ছাড়াই পত্রপত্রিকার অনলাইন ভার্সনগুলোর নিবন্ধন দিয়েছিলাম এই শর্তে যে, পত্রিকায় যে সংবাদ প্রকাশ পায় সেটি অনলাইনেও প্রকাশ পাবে, সেটিও ভিন্ন হওয়ার কথা নয়।
এটকো এ বিষয়ে তাদের উত্থাপিত মৌখিক আপত্তি লিখিত আকারে দিলে আমরা আইনের ধারা-উপধারা উল্লেখ করে আমরা সংশ্লিষ্টদের জানাবো বলেও উল্লেখ করেন মন্ত্রী।
মতবিনিময় শেষে উন্নয়ন গবেষক শামীম আহমেদ সংকলিত ‘শেখ হাসিনা ও ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ’ গ্রন্থের ৬ষ্ঠ সংস্করণের মোড়ক উন্মোচন করেন ড. হাছান মাহমুদ। গ্রন্থকার এবং জ্যেষ্ঠ সাংবাদিক কাঞ্চন কুমার দে ও মোতাহার হোসেন এই মোড়ক উন্মোচনে অংশ নেন।
