ইমরান হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে মাটিবাহী ট্রাক্টর উল্টে আপন (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই ট্রাক্টরের হেলপার শাহাদত (৩০)।
গতকাল (৯এ) সকাল ১১টার দিকে তাড়াশ-মাগুড়া-আঞ্চলিক সড়কের মাগুড়ামুকুন্দ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আপন উপজেলার সগুনা ইউনিয়নের বিন্নাবাড়ি গ্রামের আব্দুল মোমিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পুকুর খননের মাটি ট্রাক্টর দিয়ে পরিবহন করছিলেন। মাটিসহ ট্রাক্টরটি ব্রিজের কাছে মোড় ঘুরানোর সময় উল্টে যায়।
এতে ট্রাক্টরের চালক আপন ও হেলপার শাহাদাত গুরুতর আহত হন। দু’জনকে তাড়াশ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আপনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হেলপার শাহাদতকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
