তজুমদ্দিনে উৎসবমুখর পরিবেশে সপ্তমী পূজা উদযাপন

শেয়ার

 

রুবেল চক্রবর্তী,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:

ভোলার তজুমদ্দিন উপজেলায় উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার সপ্তমী।

এ বছর তজুমদ্দিন উপজেলায় মোট ১৫টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই প্রতিটি মণ্ডপে ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও চণ্ডীপাঠে মুখরিত হয়ে উঠেছে পূজা প্রাঙ্গণ। সপ্তমী উপলক্ষে দেবী দুর্গাকে স্নান করিয়ে নবপত্রিকা স্থাপন ও সপ্তমীবিহিত পূজা অনুষ্ঠিত হয়।
বিশেষ বিষয় হলো, এবার সপ্তমীর তিথি দুই দিনব্যাপী হওয়ায় সনাতন ধর্মাবলম্বী ভক্তদের হৃদয়ে বইছে বাড়তি আনন্দের জোয়ার। প্রবীণ ও নবীন, সবাই মিলেমিশে উৎসবে যোগ দেওয়ায় উদযাপনের মাত্রা আরও বিস্তৃত রূপ নিয়েছে। ধর্মীয় অনুভূতির পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েই উদযাপিত হচ্ছে শারদীয় পূজার প্রতিটি ক্ষণ।

সরেজমিনে দেখা যায়, উপজেলার সকল মণ্ডপগুলোতে সকাল থেকেই ভক্তদের আনাগোনা। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সকলেই নতুন পোশাকে মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন করছেন।

পূজা উদযাপন ফ্রন্টের তথ্য মতে, উপজেলার ১৫টি মণ্ডপের মধ্যে চাঁদপুর ইউনিয়নে ১০টি, শম্ভুপুরে ৫টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপে আলোকসজ্জা ও প্রতিমায় রয়েছে ভিন্নতা।

পূজা নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে।

তজুমদ্দিন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অরবিন্দু দে টিটু বলেন, এ বছর আমরা ১৫টি মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করছি। প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের পাশে আছেন। সপ্তমীর মধ্য দিয়ে মূলত দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হলো।

এদিকে সপ্তমী উপলক্ষে বিভিন্ন মণ্ডপে প্রসাদ বিতরণ ও সন্ধ্যায় আরতির আয়োজন করা হয়েছে। আগামী বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের এই উৎসব।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.