শ্রীপুরে মসজিদে তালা ভেঙে এক লাখ টাকার মালামাল চুরি।

শেয়ার

 

বাবুল খান, গাজীপুর প্রতিনিধি।

গাজীপুরের শ্রীপুরে পটকা গ্রামে  ‘মসজিদে রসূল’ জামে মসজিদের  তালা ভেঙে চুরি  এবং বাধা দেওয়ায় ইমামকে মেরে ফেলার  হুমকির অভিযোগ পাওয়া গেছে। গত ১৮ আগস্ট ভোররাত আনুমানিক ৩টার দিকে শ্রীপুর- কাপাসিয়া রোড সংলগ্ন পটকায় অবস্থিত ওই মসজিদে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মসজিদের সভাপতি হাজী  মোহাম্মদ আলী শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট ভোর রাতে ৩/৪ জন চোর  মুখ ঢেকে মসজিদের  তালা ভেঙে প্রবেশ করে। তারা মসজিদের ভেতরে থাকা থাই গ্লাসের ৫টি জানালা, ২টি মাইক ইউনিটসহ সিলিং ফ্যান ২টি এবং মোটরের প্রায় ১৫০ ফিট তার চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া এসব মালামালের আনুমানিক মূল্য ১,০০,০০০ (এক লক্ষ) টাকা।

ঘটনার সময় মসজিদের ভেতরে থাকা  ইমাম মাওলানা আব্দুল মান্নান চোরদের বাধা দিলে তারা তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে হত্যার হুমকি দেয়। এছাড়া চুরির বিষয়ে আইনগত ব্যবস্থা নিলে বা কাউকে জানালে তাঁকে খুন করে লাশ গুম করে ফেলার ভয় দেখিয়ে চোরেরা পালিয়ে যায়।

পরবর্তীতে ভোর আনুমানিক ৫টার দিকে স্থানীয় মুসল্লিরা  নামাজ আদায় করতে এসে চুরির বিষয়টি  দেখতে পান এবং ইমামের কাছ থেকে ঘটনার বিবরণ শোনেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীকে বিষয়টি অবগত করার পর শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়।

এ বিষয়ে স্থানীয়দের দাবি, মসজিদের আশেপাশে বখাটে ও নেশাখোরদের আনাগোনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও চুরি হওয়া মালামাল উদ্ধারের জন্য পুলিশ  প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ মুসল্লিরা।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.