মোঃ মোবারক হোসেন
নরসিংদী প্রতিনিধি:
শিক্ষার জায়গা যেখানে হওয়ার কথা নিরাপদ আশ্রয়… সেই মাদ্রাসাতেই নির্মম নির্যাতনের শিকার এক নিষ্পাপ শিশু। নরসিংদীতে ৭ বছর বয়সী মুজাহিদের শরীরজুড়ে বেতের দাগ আর চোখে ভয় আর কান্না।
নরসিংদীতে এক মাদ্রাসার শিক্ষকের বেধড়ক মারধোরে ৭ বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
ঘটনাটি শহরের ভেলানগর জেলখানার মোড়ে অবস্থিত মাদরাসাতুল আবরার এরাবিয়া মাদ্রাসা। অভিযুক্ত শিক্ষক নাজমুস সাকিবের বিরুদ্ধে নির্মমভাবে শিশুটিকে মারধরের অভিযোগ উঠেছে। আহত শিশুর নাম মুজাহিদ। সে মাদরাসাতুল আবরার আল – আরাবিয়্যাহর নুরারী বিভাগের ১ম শ্রেণির শিক্ষার্থী।
শনিবার (৪ মার্চ) সকাল ১০টার দিকে গোসল করতে অনীহা প্রকাশ করায় ওই শিক্ষক তাকে বেত দিয়ে মারধর করেন। একপর্যায়ে তার শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাতের চিহ্ন পড়ে এবং চামড়া ফেটে রক্ত বের হয়। এমনকি ঘটনাটি কাউকে না বলার জন্য তাকে ভয়ভীতি দেখানো হয়েছে বলেও অভিযোগ করেছে শিশুটি।
শিশুটির বাবা মাদ্রাসায় গিয়ে ছেলের শরীরে আঘাতের চিহ্ন দেখে বিষয়টি জানতে পারেন। পরে পরিবারের সদস্যরা তার শরীরজুড়ে বেতের দাগ ও রক্তাক্ত ক্ষত দেখতে পান এবং তাকে বাসায় নিয়ে আসে। পরে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করে তার পরিবার। বর্তমানে গুরুতর আহত অবস্থায় নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছোট্ট মুজাহিদ।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক নাজমুস সাকিবকে আটক করেছে নরসিংদী মডেল থানা পুলিশ। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম আল মামুন।
