মোঃ মোবারক হোসেন
নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীতে অপহরণ করে সিরাজগঞ্জের কলেজ ছাত্র মিঠু হোসেনকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ (২০শে ফেব্রুয়ারী) বিকালে নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম (পিপিএম) এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলো, গাজীপুরের শ্রীপুর উপজেলার মিঠালু গ্রামের পিয়ার উদ্দিনের মেয়ে শাহনাজ আক্তার পপি (২৮), তার স্বামী আবদুল বাতেন (৩৫) এবং একই এলাকার তাপন খান (৩২)। তাদেরকে শনিবার সকালে গাজীপুর ও শ্রীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ ।
এর আগে গত বৃহস্পতিবার নরসিংদীর মনোহরদীর একদুয়ারিয়া ইউনিয়নের হুগলিয়াপাড়া খড়ের গাদার পাশ থেকে মিঠু হোসেনের মৃতদেহ উদ্ধার করা হয়। সে সিরাজগঞ্জ সদর উপজেলার রায়পুর (রেলওয়ে কলোনী) এলাকার মৃত মোসলিম উদ্দিনের ছেলে। তিনি সিরাজগঞ্জের একটি ইসলামিয়া ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শাহনাজ আক্তার পপির ফেসবুক কেন্দ্রীক একটি প্রতারক চক্র রয়েছে। দলনেতা পপি নিজের ছদ্মনাম ব্যবহার করে নিজের প্রকৃত পরিচয় গোপন করে বিভিন্ন সুন্দরী মেয়েদের ছবি দিয়ে একাধিক ফেসবুক আইডি পরিচালনা করে।
বিভিন্ন উঠতি বয়সী তরুণদের টার্গেট করে তাদের সঙ্গে প্রথমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পরবর্তীতে প্রেমের ফাঁদে ফেলে একটি নিদিষ্টি স্থানে দেখা করতে প্রলুব্দ করে। তার প্রেমের ফাঁদে পড়ে দেখা করতে আসলে তার সহযোগী হানিফসহ ৩/৪ জনের প্রতারক চক্রটি তাকে আটকে রেখে মারধর করে মুক্তিপণ দাবী করে।
পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম (পিপিএম) বলেন, এমনি ভাবে কলেজ ছাত্র মিঠুর সাথে ফেসবুকে বন্ধুত্ব করে প্রেমের ফাঁদে ফেলে গত বুধবার মনোহরদীতে দেখা করার জন্য ডেকে আনে প্রতারক শাহনাজ আক্তার পপি। পপি পূর্ব পরিকল্পিতভাবে মিঠুকে তার সহযোগীদের নিকট তুলে দেয়। তারা পার্শ্ববর্তী শিবপুর উপজেলার আশুটিয়া পূর্বপাড়া এলাকায় আটকে রেখে মারধর করে মিঠুর অভিভাবকদের কাছে মুক্তিপণ দাবী করে।
মুক্তিপণের টাকা দিতে ব্যর্থ হলে মিঠু হোসেনকে হত্যা করে তার লাশ গুম করার উদ্দেশ্যে মনোহরদীর একদুয়ারিয়া ইউনিয়নের হুগলিয়াপাড়া গ্রামের রুপচানের খড়ের গাদার পাশে ফেলে রাখে।
তিনি জানান, এই ঘটনায় নিহতের বড় বোন মিনু আক্তার বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মনোহরদী থানায় হত্যা মামলা দায়ের করেছে। আটককৃত ৩ আসামীকে উক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয় ।
