মোঃ মোবারক হোসেন
নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদী জেলার বেলাবতে ১১ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মিরাজ মিয়া (১৯) নামে এক ধর্ষককে গ্রেপ্তার করেছে র্যাব ১১। শনিবার রাতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন বাল্লা গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ (১৩ই ফেব্রুয়ারী) রবিবার দুপুরে র্যাব ১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট তৌহিদুল মবিন খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃত মিরাজ মিয়া জেলার বেলাব থানার দেওয়ানের চর গ্রামের মোঃ চাঁন মিয়া এর ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেলাব থানার দেওয়ানের চর গ্রামে গত ১৯ জানুয়ারি রাত ১০ টার দিকে নির্যাতিতা শিশুর মা আয়েশা আক্তার (৩৬) শিশুটিকে ঘরে একা রেখে বাড়ির পাশে একটি মাজারে যায়। এসময় বাড়ীতে কেউ না থাকায় সেই সুযোগে মিরাজ ঘরের ফাঁকা জানালা দিয়ে চুপিসারে ঘরের ভিতরে প্রবেশ করে বৈদ্যুতিক বাতি নিভিয়ে দেয় ।
পরে নির্যাতিতা শিশুকে মুখে ওড়না বেঁধে জোর পূর্বক ধর্ষণ চেষ্টাকালে শিশুর আত্মচিৎকার শুরু করলে অভিযুক্ত মিরাজ পালিয়ে যায়। ঘটনার পর থেকেই উক্ত ঘটনার সাথে জড়িত একমাত্র আসামী গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র্যাব-১১। পরবর্তীতে র্যাব-১১, গোয়েন্দা সুত্র ধরে জানতে পারে যে, অভিযুক্ত মিরাজ হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছে। উক্ত এলাকা র্যাব-৯ এর আওতাধীন হওয়ায় র্যাব-১১ ও র্যাব-৯ যৌথভাবে উক্ত আসামীর অবস্থান নির্ণয়ে কাজ শুরু করে।
তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা সুত্র ধরে এ ব্যাপারে নিশ্চিত হয় যে, অভিযুক্ত মিরাজ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন বাল্লা সীমান্তবর্তী এলাকার নোম্যান্সল্যান্ডের পাশে আত্মগোপন করে আছে। পরে শনিবার রাতে সীমান্ত এলাকা হওয়ায় ৫৫ বিজিবি বাল্লা ক্যাম্প ও র্যাব-৯ এর সাথে সমন্বয়পূর্বক মিরাজকে নোম্যান্সল্যান্ড এর পাশে অভিযান পরিচালনা করে মৃত হাসিম মিয়ার বাড়ী থেকে গ্রেপ্তার করে র্যাব-১১। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
