প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণেই নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন তার প্রেসসচিব শফিকুল আলম।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব।
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা একটা নির্দিষ্ট সময়সীমা দিয়ে দিয়েছেন। এর চেয়ে পরিষ্কার রোডম্যাপ আর কী হতে পারে।
উনি তো জানিয়েছেন, ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন করা হবে।’
প্রেস উইং থেকে আরো জানানো হয়, তফসিল বা দিনক্ষণ ঘোষণার কাজ নির্বাচন কমিশনের এখতিয়ারে। সরকারের দায়িত্ব তাদের সহায়তা করা।
মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে গতকাল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের প্রথম দিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
