সাম্প্রতিক তিন দেশ সফর নিয়ে আগামী সোমবার (১৫ মে) সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার (১৩ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ১৫ মে, সোমবার বিকেল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন। ২৫ এপ্রিল থেকে ০৯ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যায়ক্রমে জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফর করেন।
গত ২৫ এপ্রিল জাপান, যুক্তরাষ্ট্র ও লন্ডন সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে শেখ হাসিনা গত ২৫ থেকে ২৮ এপিল জাপান সফর করেন।
টোকিও সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাৎ করেন। গত ২৬ এপ্রিল সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী।
এ বৈঠকে দুই প্রধানমন্ত্রী বাংলাদেশ ও জাপানের মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ক ‘ব্যাপক অংশীদারত্ব’ থেকে ‘কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত করেন।
ফুমিও কিশিদা ও শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর দুদেশ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ৮টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেন।
বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট ডেভিড মালপাসের আমন্ত্রণে গত ২৮ এপ্রিল জাপান থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়াশিংটন সফরকালে বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের মধ্যে সম্পর্কের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে যোগ দেন।
