ইমরান হোসাইন, সিরাজগঞ্জ প্রতিনিধি
গো-খাদ্যের ৪০ কেজির বস্তায় ৩৮ কেজি এবং ২৫ কেজির বস্তায় ২৪ কেজি করে দেওয়ার অপরাধে সিরাজগঞ্জে শাহজাদপুর উপজেলার তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
শুক্রবার (১৫ এপ্রিল) সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে জেলার শাহজাদপুরের বাঘাবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
অর্থদন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো বাঘাবাড়ি এলাকার নিউ যমুনা ক্যাটল ফিড, চাচা-ভাতিজা ক্যাটল ফিড ও বাঘাবাড়ি ক্যাটল ফিড।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বস্তায় মূল্য না লিখে ইচ্ছামতো দামে বিক্রি করা, নিম্নমানের গো-খাদ্য তৈরি এবং ওজনে কম দেয়ার অভিযোগ থাকায় শুক্রবার সকালে বাঘাবাড়ি এলাকায় অভিযান চালানো হয়।
অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের জরিমানা করে সতর্ক করে দেয়া হয়। এসময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. মাহাবুব রহমান ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
