গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার একটি ব্যস্ততম সড়ক হল শ্রীপুর টু গড়গড়িয়া মাস্টারবাড়ী সড়ক। শিল্প অধ্যুষিত শ্রীপুরের প্রায় শতাধিক শিল্প কলকারখানার হাজার হাজার শ্রমিক, বিভিন্ন অফিস-আদালত, স্কুল-কলেজ, ব্যবসায়ী, ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ সাধারন জনগন প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে।
ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের স্মৃতি বিজড়িত এই সড়কে ফখরুদ্দিন মোড়ের পশ্চিম পাশে গারোপাড়া নামক স্থানে অবৈধ স্পিড ব্রেকার দেওয়া হয়েছে। কোন রকম নিয়ম নীতির তোয়াক্কা না করেই অপরিকল্পিতভাবে স্পিড ব্রেকার তৈরি করায় এই রাস্তা দিয়ে চলাচল করা সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ব্যক্তি উদ্যোগে স্থাপন করা হয়েছে এই স্পিড ব্রেকার যার কারণে এর আগে ও পরে নেই কোন প্রতিকী চিহ্ন, নেই কোন সতর্কবানী। এমনকি রং দিয়ে চিহ্নিত করা হয়নি এই স্পিড ব্রেকারে।
সাধারণত সড়কে দুর্ঘটনা কমাতে স্পিড ব্রেকার দেওয়া হয়েও এখানে উপকারের চেয়ে ক্ষতি হচ্ছে বেশি।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, স্পিড ব্রেকার উপর দিয়ে গাড়ি চালানোর সময় বেশ জোরে ঝাঁকুনির সৃষ্টি হয়। এ নিয়ে প্রায়ই অটোরিক্সা চালকের সাথে যাত্রীদের কথা কাটাকাটি ও বাক-বিতন্ডার সৃষ্টি হচ্ছে। এই রাস্তায় যাতায়াতকারী রোগী ও শিশুরা ঝাঁকুনিতে অসুস্থ্য হয়ে পড়ছে।
স্থানীয় দোকানদার সাইফুল ইসলাম জানান- অপরিকল্পিতভাবে নির্মিত এই স্পিড ব্রেকারের কারণে বাই সাইকেল,মোটরসাইকেল, অটো রিক্সা, ভ্যান চালকরা প্রতিদিন সমস্যায় পড়ে। প্রতিদিনই ঘটছে ছোটখাট দুর্ঘটনা ।
এ ব্যাপারে গাজীপুর সড়ক ও জনপদ বিভাগের নিবার্হী প্রকৌশলী কে,এম শরিফুল আলম বলেন-এই স্পিড ব্রেকারের অনুমতি নেই। এলাকার কিছু উৎসাহী জনগণ মনগড়া মত রাতের আধারে স্পিড বেকার দিয়েছেন। অচিরেই এই অবৈধ স্পিড ব্রেকার অপসারণ করা হবে। তিনি আরো বলেন আমরা প্রতিনিয়ত শুনতে পাই স্পিড ব্রেকারের কারণে প্রতিনিয়তই ছোট বড় যানবাহন দুর্ঘটনার কবলে পড়ছে।
