আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ২৫,০০০ রান পূর্ণ করলেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দিল্লি টেস্টের তৃতীয় দিনে ক্রিকেট ইতিহাসের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তিন সংস্করণ মিলিয়ে এই মাইলফলকে পা রাখলেন কোহলি।
বিরাটের আগে আর কোনও ক্রিকেটার এর চেয়ে কম ইনিংসে এই অনন্য উচ্চতায় পা রাখতে পারেননি। তাছাড়াও শচিন টেন্ডুলকার, রিকি পন্টিংকে ছাপিয়ে সবচেয়ে দ্রুত এই মাইলস্টোন পার করলেন ভারতের সাবেক অধিনায়ক।
পরিসংখ্যান অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণে ২৫,০০০ রান পূর্ণ করতে শচিনের লেগেছিল ৫৭৭ ইনিংস। বিপরীতে ২৮ ইনিংস কম খেলে ৫৪৯ ইনিংসেই সেই নজির গড়লেন বিরাট।
আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৫,০০০ রানের রেকর্ড!
বিরাট কোহলি (ভারত)
৫৪৯ ইনিংসে ২৫,০০০ রান পূর্ণ করেন বিরাট। তার গড় ৫৩.৬৪। ক্যারিয়ারে মোট ম্যাচের সংখ্যা ৪৯২টি।
শচীন টেন্ডুলকার (ভারত)
৫৭৭টি ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫,০০০ রান পূর্ণ করেছিলেন শচীন। গড় ছিল ৪৮.৫২।
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)
আন্তর্জাতিক ক্রিকেটে ২৫,০০০ রান পূরণ করতে অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়কের ৫৮৮টি ইনিংস লেগেছিল। গড় ছিল ৪৫.৯৫।
জ্যাক কালিস (দক্ষিণ আফ্রিকা)
সাবেক এই প্রোটিয়া অলরাউন্ডার ৫৯৪ ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫,০০০ রান করেছিলেন। তার গড় ছিল ৪৯.১।
কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)
৬০৮ ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫,০০০ রান পূরণ করেছিলেন সাঙ্গাকারা। দীর্ঘদিনের ক্যারিয়ারে মোট ৫৯৪ টি ম্যাচ খেলেছিলেন তিনি। করেছিলেন ২৮,০১৬ রান। যেখানে তার গড় ছিল ৪৬.৭৭।
মাহেলা জয়বর্ধনে (শ্রীলঙ্কা)
৭০১ ইনিংসে ২৫,০০০ রানের গণ্ডি পার করেছিলেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার। ক্যারিয়ারের ৬৫২টি ম্যাচে ২৫,৯৫৭ রান করেছিলেন তিনি। গড় ছিল ৩৯.১৫।
