ভারতে চলছে ‘পাঠান’ উন্মাদনা। এই ছবির মাধ্যমে প্রায় চার বছর পর বড়পর্দায় ফিরেছেন শাহরুখ খান। ২৫ জানুয়ারি ভারতসহ অন্যান্য দেশে একযোগে মুক্তি পেয়েছে এ সিনেমা।
বাংলাদেশেও লেগেছে ‘পাঠান’-এর উন্মাদনার ঢেউ। দর্শক চাহিদার কথা ভেবে গত মাসেই ছবিটি দেশে মুক্তির ব্যাপারে কথা হয়েছিল। এবার জানা গেল মুক্তির তারিখ।
আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘পাঠান’। আজ রোববার তথ্য মন্ত্রণালয়ের সাংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর মতের অমিলের কারণেই দেশে পাঠান মুক্তি স্থগিত ছিল। এবার সংগঠনগুলো একমত হওয়ায় ছবিটির মুক্তিতে কোনো বাধা রইল না। ১৯ সংগঠনের অনেকেই উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে।
তারা বলেন, বাংলাদেশে হিন্দি সিনেমা আনার বিষয়ে এসব সংগঠনের দ্বিমত নেই। আলোচনায় সিদ্ধান্তের মধ্যে আছে প্রতিবছর ১০টি হিন্দি সিনেমা বাংলাদেশের প্রেক্ষাগৃহে চলবে।
ভারতে ‘পাঠান’ মুক্তির সময় থেকেই দেশে ‘পাঠান’ মুক্তির তোড়জোড় শুরু করে একটি প্রযোজনা প্রতিষ্ঠান। এ নিয়ে চলচ্চিত্র ও হল সংশ্লিষ্টদের নিয়ে তখন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের নেতৃত্বে মিটিং ও হয়েছিল। কিন্তু সে সময় সকল সংগঠন একমত না হওয়ায় স্থগিত করা হয়েছিল চলচ্চিত্রটির মুক্তি। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ ছবিতে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে আছেন জন আব্রাহাম। দেশমাতৃকাকে সন্ত্রাসবাদীদের হাত থেকে বাঁচাতে এক সেনার গল্প বলেছে এই ছবি।
