প্রদীপ কুমার রায়:
লক্ষ্মীপুরে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় রিয়াজ হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোর রাতে সদর উপজেলার মান্দারী বাজারের একটি ভবনের নিচতলার একটি কক্ষ থেকে তার লাশটি উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, অপহরণের পর ৫ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে তাকে হত্যা করা হয়েছে।
নিহত রিয়াজ সদরের দত্তপাড়া এলাকার বাসিন্দা তোফায়েল আহমেদ দুলালের ছেলে ও স্থানীয় মান্দারী বাজারের একটি ফার্নিচার দোকানের কারিগর। তার লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে জেলার পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ ঘটনাস্থল পরিদর্শন করেন ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে দোকান থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ হন রিয়াজ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রিয়াজের মুঠোফোন থেকেই অপহরণকারীরা কল দিয়ে পরিবারের কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
একইদিন সন্ধ্যায় নিহতের মা খুরশিদা বেগম চন্দ্রগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। এর প্রেক্ষিতেই তদন্ত শুরু করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি থানা থেকে উর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রযুক্তি ব্যবহারের জন্য র্যাবের কাছে সহযোগীতা চাওয়া হয়। পরে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মান্দারী বাজারের একটি ভবনের নিচতলার একটি কক্ষ থেকে রিয়াজের লাশ উদ্ধার করা হয়।
নিহতের বাবা তোফায়েল আহমেদ বলেন, দু’দিন আগে আমার ছেলেকে অপহরণ করা হয়। পরে তার মোবাইল থেকে কল দিয়ে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করা হয়। ওই টাকা না দেওয়ায় অপহরণকারীরা তার ছেলেকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে থানায় আনা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
