লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে ট্রাক চাপায় দুই স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে নিহত স্কুল ছাত্রীরা হলো- লক্ষ্মীপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর সানজিদা আক্তার ইভা ও সেগুন বাগিচা রহিমা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছা্ত্রী ফাহমিদা আক্তার। নিহত দুই শিক্ষার্থী সম্পর্কে মামাতো ও ফুফাতো বোন।
শনিবার সকাল ১০টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে অবরোধ তুলে দেয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই শিক্ষার্থীকে নিয়ে সকালে লক্ষ্মীপুরে বাসা থেকে মোটরসাইকেল করে কেরোয়ায় নানা বাড়ির উদ্দেশ্য বের হন সানজিদা আক্তারের বাবা আরিফ হোসেন। মোটরসাইকেলটি লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের পালেরহাট এলাকায় পৌঁছলে দ্রুত গতিতে ছেড়ে আসা মালবাহী ট্রাকের ধাক্কায় দুই শিক্ষার্থী ঘটনাস্থলে চাপা পড়ে নিহত হন। এসময় মোটরসাইকেল আরোহী সানজিদা আক্তারের বাবা আরিফ হোসেনও আহত হন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
