কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আবার শেখ হাসিনাকেই ক্ষমতায় আনবে। আগামী নির্বাচনে জনগণ আবার আওয়ামী লীগকে বিপুল ভোটে নির্বাচিত করবে।
কাজেই, আগামী দিনেও শেখ হাসিনা দেশকে নেতৃত্ব দেবে। বিএনপির পায়ের নিচে মাটি নেই, তাদের কথায় রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে না, সরকারের পতন হবে না।
বর্তমান সরকার কন্টিনিউ করবে।
তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না, আমাদের সংবিধানে নেই। আন্দোলনের নামে বিএনপি ২০১৫ সালের মতো তাণ্ডব সৃষ্টির অপচেষ্টা করছে। জনগণের মাঝে বিএনপির ভিত্তি নেই। জনগণের সম্পৃক্ততা নেই বলে বিএনপির আন্দোলন আগের মতো এবারও কোনো কাজে আসবে না।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ীতে পাইস্কা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীতে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সামনে রোজার মাস আসছে। সরকার সার্বিক প্রস্তুতি নিচ্ছে। রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো সংকট হবে না।
ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক উন্নত হয়েছে। তবে সব মানুষের জীবনকে উন্নত করতে হলে দেশকে আরও উন্নত করতে হবে।
