প্রদীপ কুমার রায়ঃ
লক্ষ্মীপুরের রায়পুরে অজ্ঞাত এক নারীর (৩০) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দেবীপুর গ্রামের বেছাগো সুপারি বাগানে প্রায় অর্ধনগ্ন অবস্থায় লাশটি পাওয়া যায়।
ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে ধর্ষণের পর তাঁকে হত্যা করা হয়।
পুলিশ ও এলাকার লোকজন জানান, প্রায় বিবস্ত্র অবস্থায় থাকা লাশটিতে পঁচন ধরেছে। মুখের প্রকৃত চেহারা নির্ণয় করা কঠিন হয়ে পড়েছে। লাশের পাশে একটি ব্লেড পাওয়া যায়। গলায় উড়না পেচানো অবস্থায় রয়েছে। গোপনাঙ্গের বাহিরে ধর্ষণের আলামতও দৃশ্যমান রয়েছে।
জিয়া নামের একজন কৃষক বাগানের পাশের জমিতে কাজ করতে এসে উৎকট গন্ধ পান। কারণ খুঁজতে গিয়ে তিনি সুপারি পাতা দিয়ে ঢাকা লাশটি দেখতে পান।
রায়পুর থানার অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনাস্থলের উদ্দেশ্যে পিবিআই টীমের সদস্যরা রওয়ানা দিয়েছেন।
