লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপি নেতাকর্মীদের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করে ৪টি দোকনে তালা দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ।
শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার চর রমিজ ইউনিয়নের চৌমুহনী বাজারের এ ঘটনা ঘটে। রাত ১২টা পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে ওই বাজারে অবস্থান করেছে বলে অভিযোগ করেছে স্থানীয় বিএনপি। তালা দেওয়া ব্যবসাপ্রতিষ্ঠানগুলো হল- চর রমিজ ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো. রিয়াজের মুরগি ও ভুষা মালের দোকান, বিএনপি কর্মী হেজুর চা দোকান, মো. সৌরভের খাওয়ার হোটেল ও মো. ফরহাদের কাপড় দোকান।
শনিবার (২৭ আগস্ট) দুপুর দেড়টা এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি রিয়াজ জানান, রাতে দোকানে বসে তারা কয়েকজন খবর দেখছিলেন। একই সময় ৩১ আগস্ট উপজেলা বিএনপির জনসভায় বিষয়ে আলোচনা চলছিল। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতা খবিরুল ইসলাম পাটোয়ারী দোকানে ঢুকে টেলিভিশন ভাঙচুর করে। পরে সে দলীয় আরও লোকজন নিয়ে এসে বিএনপি’র নেতাকর্মীদের ৪টি দোকানে তালা দেয়। লাঠিসোঁটা নিয়ে বাজারে অবস্থান করে ভীতিকর পরিস্থতি সৃষ্টি করে। এতে বাজার ব্যবসায়ী ও আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ বলেন, খবর চলাকালে দোকানে বসে আওয়ামী লীগ ও সরকারকে নিয়ে বিএনপির’র লোকজন কটূক্তি ও হাসাহাসি করে। এসময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বাকবিত-া হয়। এঘটনায় তারা দোকান বন্ধ করে দেয়। দোকান খোলে দিতে বলেছি। খোলে দিবে।
রামগতি উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বলেন, আসছে ৩১ আগস্ট উপজেলা বিএনপি’র জনসভা। সভা ভ-ুল করতে নানাভাবে তারা অপচেষ্টা চালাচ্ছে। সভাকে বাধাগ্রস্ত করার জন্য দোকানে ভাঙচুর ও ব্যবসাপ্রতিষ্ঠানে তালা দিয়েছে। বিএনপির জনসভাকে ঘিরে আওয়ামী লীগের অপচেষ্টা অব্যাহত আছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক রয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে ওদের দোকানপাঠ খুলে দেওয়ার ব্যবস্থা নিতে বলেছি।
