ইকবাল হোসেন রাসেল : লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চররমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে এক সদস্যের হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদের হলরুমে এ হাতাহাতির ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে উপস্থিত ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। জানাযায় করোনাভাইরাসের কারণে কর্মহীন স্বল্প আয়ের ও দুস্থ পরিবারকে সরকারি সহায়তা প্রদানের তালিকা তৈরি নিয়ে নিয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকার করোনা সঙ্কটে কর্মহীন দুস্থ পরিবারকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদানের জন্য গত এক সপ্তাহ ধরে উপজেলার চররমিজ ইউনিয়নের দুস্থ পরিবারের তালিকা তৈরির কাজ চলছে। বৃহস্পতিবার পরিষদের হলরুমে ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মো. আবুল কালাম আজাদের উপস্থিতিতে চূড়ান্ত তালিকা তৈরির কাজ চলছিলো। এ সময় চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম ছারওয়ারের সঙ্গে তিন নম্বর ওয়ার্ডের সদস্য মো. নোমান উদ্দিনের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাদের দু’জনের মধ্যে হাতাহাতি লেগে যায়। পরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
তিন নম্বর ওয়ার্ডের সদস্য মো. নোমান উদ্দিন জানান, এ তালিকা তৈরির জন্য দুস্থদের নাম দিতে পরিষদের অন্য সব সদস্যকে বলা হলেও চেয়ারম্যান তাকে কিছুই জানাননি। তার ওয়ার্ডের দুস্থ পরিবারগুলোকে বাদ দিয়ে তালিকা প্রস্তুত হচ্ছে-এমন খবর পেয়ে ১০০ জনের একটি তালিকা নিয়ে বৃহস্পতিবার তিনি ইউনিয়ন পরিষদের যান। কিন্তু চেয়ারম্যান তার ওই তালিকা গ্রহণে অস্বীকৃতি জানালে অনাকাঙ্খিত ঘটনা ঘটে।
তিনি বলেন, চেয়ারম্যান এর আগেও বিভিন্ন সময়ে পরিষদের অনেক বরাদ্দে আমাকে ও আমার ওয়ার্ডের জনগণকে বঞ্চিত করেন।
এদিকে চররমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম ছারওয়ার জানান, ইউপি সদস্য নোমান উদ্দিন পরিষদের নিয়ম-কানুন মানছেন না। যে কারণে সরকারি বিভিন্ন বরাদ্দ বণ্টন নিয়ে তার সঙ্গে ঝামেলা সৃষ্টি হচ্ছে। ইউপি সচিব করোনা সঙ্কটে কর্মহীন দুস্থ পরিবারের তালিকা দেওয়ার জন্য ওই সদস্যকে জানালেও তিনি তা জমা দেননি। তালিকা তৈরি চূড়ান্তপর্যায়ে আসার পর ওই সদস্য নতুন তালিকা দিতে চাওয়ায় তিনি তা গ্রহণ করেননি। এর জের ধরে অনাকাঙ্খিত এ ঘটনা ঘটে বলে তিনি জানান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ইউনিয়নটির ট্যাগ অফিসার মো. আবুল কালাম আজাদ জানান, তালিকা তৈরি নিয়ে চেয়ারম্যানের সঙ্গে ওই সদস্যের ঝামেলা চলছে। বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
অশ্রেণীভুক্ত
