দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। দেশের নতুন করে আরও ২৬৬ জন রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত মোট ৭৫ জন আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন। মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৮৩৮ জন। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৯০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ঘণ্টায় ৯ জন রোগী সুস্থ্য হয়েছেন। এ নিয়ে মোট ৫৮ জন করোনা আক্রান্ত সুস্থ হলেন। শুক্রবার (১৭ এপ্রিল) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
প্রেস ব্রিফিংয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, দেশে ১ হাজার ৮৩৮ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর ৬৮ শতাংশ পুরুষ, ৩২ শতাংশ নারী।
তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে বেশির ভাগই তরুণ। দেশে করোনা আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ২১ থেকে ৫০ বছর বয়সী। এদের মধ্যে সর্বাধিক ২১ থেকে ৩০ বছর বয়সী। মোট আক্রান্তের ২১ শতাংশ এই বয়সী। আক্রান্তের ১৯ শতাংশ ২১ থেকে ৩০ বছর বয়সী। আর ১৫ শতাংশ আক্রান্ত রোগী ৪১ থেকে ৫০ বছর বয়সী।
তিনি বলেন, আক্রান্তদের মধ্যে ৪৬ শতাংশ রাজধানী ঢাকায়। দেশে করোনা আক্রান্তের মধ্যে সর্বাধিক রাজধানী ঢাকায় শনাক্ত হয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ। এ জেলায় ২০ শতাংশ আক্রান্ত শনাক্ত হয়েছেন৷ আর তৃতীয় অবস্থানে গাজীপুর জেলা।
তিনি আরও বলেন, ৬৮ শতাংশ রোগী বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। ৩২ শতাংশ রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও করোনা আক্রান্তদের নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেয়ার ওপর জোর দিয়েছে।
