রামগঞ্জে বসতবাড়িতে পোল্ট্রি ফার্ম দুর্গন্ধে অর্ধ শতাধিক মানুষের অসহনীয় জীবন-যাপন

শেয়ার

আবু তাহের রামগঞ্জ প্রতিনিধিঃ
পরিবেশ আইনকে উপেক্ষ করে লক্ষ্মীপুরের রামগঞ্জের দরবেশপুর ইউনিয়নের আলীপুর গ্রামের করিম উদ্দিন বেপারী বাড়িতে গড়ে তোলা হয়েছে পাশাপাশি বিশালকার দু’টি পোল্ট্রি ফার্ম। স্থানীয় জনমত অগ্রাহ্য করে বাড়ির ওমর ফারুক, মোঃ জহির, এসএম করিব এবং এসএম নজরুল ওই পোল্ট্রি ফার্ম স্থাপন করেছেন। এতে করে ওই বসতবাড়ির শিশু বৃদ্ধসহ ৮ পরিবারের অর্ধশতাধিক নারী-পুরুষ ফার্ম দু’টির আবর্জনার গন্ধে বিগত ৫বছর যাবত অসহনীয় জীবন-যাপন করছেন বলে অভিযোগ আনা হয়েছে। এমন পরিস্থিতি থেকে মুক্তির লক্ষে পরিবার গুলোর পক্ষ থেকে স্থানীয় সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি পদক্ষেপ গ্রহনের আবেদন জানানো হয়েছে।

সরজমিন পরিদর্শন কালে ভূক্তভোগী ওই বাড়ির বৃদ্ধা নূর জাহান বেগম, মোঃ ইসমাইল হোসেন, রহিমা আক্তার, মরিয়ম বেগম, নাজমা আক্তার সহ অনেকে জানান, পরিবেশ আইনসহ বাণিজ্যিক খামার স্থাপনে প্রাণিসম্পদ মন্ত্রণালয় কতৃক প্রণীত শর্তাবলী উপেক্ষা করে দরবেশপুর ইউনিয়নের করিম উদ্দিন বেপারী বাড়ির মৃত সফি উল্লার ছেলে ওমর ফারুক, মোঃ জহির, এসএম কবির, এসএম নজরুল  বাড়ির অভ্যন্তরে পাশাপাশি স্থাপন করে দু’টি পোল্ট্রি ফার্ম। এসময় ফার্ম স্থাপনকারীরা বাড়ির লোকজনের কোন কথাই শোনেনি। তারা জানান, বর্তমানে ওই ফার্মের ময়লার গন্ধে ৮পরিবারের ৫৫জন শিশু, বৃদ্ধ, নারী-পুরুষের দৈনন্দিন জীবন ওষ্ঠাগত। বর্ষা মৌসুমে ওই ফার্মের ময়লা বাড়ির পুকুরের পানির  সাথে একাকার হয়ে যায়। এতে সকলেই অসুস্থ হয়ে পড়েন। এমন পরিস্থিতি থেকে মুক্তির লক্ষে বারংবার প্রশাসনের দ্বারস্থ হওয়ার পরও মুক্তি মেলেনি তাদের।

এমন অভিযোগের প্রেক্ষিতে ওই ফার্ম গুলোর দাবিকৃত মালিকের একজন এসএম কবির  জানিয়েছেন, তারা স্থানীয় প্রাণিসম্পদ দপ্তরের অনুমতি পত্র নিয়েই বাড়িতে পোল্ট্রি ফার্ম স্থাপন করেছেন। বাড়ির লোকজনের আনিত অভিযোগ সত্য নয় বলে জানান তিনি।

এব্যপারে রামগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রনি কুমার দে জানান, গেজেটের  শর্তাবলী মোতাবেক আবাসিক বাড়ির ভিতরে কোন বাণিজ্যিক খামার স্থাপন করা যাবেনা। এই ছাড়াও রামগঞ্জ প্রাণিসম্পদ দপ্তরের রেজিস্টার অনুযায়ী উল্লেখিত ব্যাক্তিবর্গের নামে কোন বসত বাড়িতে পোল্ট্রি ফার্ম স্থাপনের নিবন্ধন নেই।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.