ভারতের মধ্যপ্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সেতু থেকে নিচে পড়ে গেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ২০-২৫ জন।
এনডিটিভির খবরে বলা হয়েছে, রাজ্যের খারগোন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। আহত যাত্রীদের উদ্ধারে হাত লাগিয়েছেন স্থানীয়রাও।
দুর্ঘটনাগ্রস্ত বাসে ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, মৃতের সংখ্যা বাড়তে পারে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হচ্ছে। দুর্ঘটনার কথা জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।
পুলিশ জানিয়েছে, খারগোন এলাকার দাসাঙ্গা গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার ভোরে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাসটি ব্রিজ থেকে পড়ে যায়। এর ফলে মৃত্যু হয়েছে কমপক্ষে ২২ জনের। আহত ২০-২৫ জন। খবর পাওয়ামাত্র পুলিশ এবং জরুরি বাহিনী উদ্ধার কাজে নামে। তাদের সঙ্গে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা।
এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৃতদের পরিবারকে ২ লাখ রুপি করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। পাশাপাশি আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে চিকিৎসার জন্য।
