কমলনগরে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুর

শেয়ার

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন বাপ্পির বসতবাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালিয়েছে রাজনৈতিক প্রতিপক্ষের একদল সশস্ত্র সন্ত্রাসী। হামলার সময় প্রাণভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন পরিবারের সদস্যরা। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।

গত মঙ্গলবার (৬ আগস্ট, ২০২৪) রাতে উপজেলার পাটোয়ারিরহাট সংলগ্ন দক্ষিণ চর ফলকন গ্রামে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত এমরান হোসেন বাপ্পি কমলনগর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং দক্ষিণ চর ফলকন গ্রামের আবুল কাসেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরদিনই দেশীয় ও আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে ১৫ থেকে ২০ জনের একদল সন্ত্রাসী ছাত্রলীগ নেতা বাপ্পির বাড়িতে চড়াও হয়। সন্ত্রাসীরা প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ব্যাপক ভাঙচুর করে। ঘটনার সময় বাড়িতে অবস্থান করা বাপ্পি ও তার পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।

 

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ওই হামলার পর থেকেই প্রতিপক্ষের সন্ত্রাসীরা বাপ্পি ও তার পরিবারের সদস্যদের ক্রমাগত হুমকি-ধমকি দিয়ে আসছে। বর্তমানে চরম প্রাণনাশের আশঙ্কায় ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন তারা।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.