প্রবীণদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

শেয়ার

 

মোঃ হাসিবুজ্জামান টিপু, স্টাফ রিপোর্টার :

‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার রূপসায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। প্রবীণদের সুস্থতা, নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে পরিবার, সমাজ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা।  বুধবার (১ অক্টোবর) সকালে রূপসা উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়।

রূপসা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং দলিত মহেশ্বরপাশা, দৌলতপুর, খুলনার সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা।

রূপসা উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুজিত মন্ডল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আলামিন শেখ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল কুদ্দুস, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, দলিত এনজিওর পিও মঞ্জুরুল ইসলাম ও অবসরপ্রাপ্ত শিক্ষক রনজিত হালদার।

বক্তারা বলেন, প্রবীণরা সমাজের জ্ঞান, অভিজ্ঞতা ও ঐতিহ্যের অন্যতম ধারক। তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা নতুন প্রজন্মকে সঠিক পথ দেখানোর পাশাপাশি পরিবার ও সমাজকে সমৃদ্ধ করে। তাই প্রবীণদের একাকিত্ব দূর করা, প্রয়োজনীয় সেবা ও সহায়তা নিশ্চিত করা এবং পরিবার ও সমাজে তাঁদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা জরুরি।

বক্তারা আরও বলেন, প্রবীণদের অধিকার ও মর্যাদা রক্ষায় শুধু পরিবার নয়, সমাজের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে প্রবীণদের মধ্যে ইতি রানী দত্ত, জামিলা খাতুন, গণেশ নন্দী, হরি দাসসহ অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা সভার আগে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অধিদপ্তর বাস্তবায়িত মা ও শিশু সহায়তা কর্মসূচির ইউনিয়ন পর্যায়ের উপকারভোগীদের এসবিবিসি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.