কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি- লক্ষ্মীপুরের কমলনগরে দেশব্যাপি প্রাথমিক সহকারি শিক্ষকদের ঘোষিত ৩দফা বাস্তবায়নের দাবিতে করা শাট-ডাউন কর্মসূচি চলমান থাকলেও ৪র্থদিনে পরীক্ষা চলছে ঢিলেঢালা ভাবে। উপজেলার সহকারী শিক্ষকরা কর্মবিরতি ও শাট-ডাউন থাকায় প্রধান শিক্ষক, নৈশ প্রহরী ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টায় পরীক্ষা চলমান রয়েছে। সরেজমিন ঘুরে উপজেলা বিভিন্ন বিদ্যালয়ে এমন চিত্র দেখা যায়।
উপজেলার ৬৯টি বিদ্যালয়ে ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ১১হাজার ৩শ ১০জন শিক্ষার্থীর পরীক্ষা চলমান রাখতে শিক্ষা অফিসের নির্দেশনা থাকলেও মানছেন সহকারি শিক্ষকরা। হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয় ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা নিজ উদ্যোগে পরীক্ষা দিলেও অনেক কক্ষে কোন শিক্ষক নেই। শিক্ষার্থীরা যে যার মত করে পরীক্ষা দিচ্ছে। আবার অনেক শিক্ষার্থীকে পরীক্ষার পরিবর্তে দুষ্টুমি করতে দেখা যায়।
এসময় পরীক্ষার হলের বাহিরে অপেক্ষমান অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সারা বছর কতো কষ্ট করে বাচ্ছারা লেখাপড়া করেছে। বছর শেষে ভালো ফলাফলের প্রতিযোগীতা করার কথা। কিন্তু এখন দেখছি শিক্ষার্থীরা দুষ্টুমিরস্থলে পরীক্ষা দিচ্ছে। শিক্ষকদের এই কর্মবিরতি আগামি প্রজন্মের জন্য অশনিসংকেত বলে মনে করছেন তারা।
এবিষয়ে আন্দোলনরত হাজিরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও উপজেলা সহকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম বলেন, ১৫ দিনের আশ্বাস দিয়ে আমাদের দাবি না মেনে নেওয়ায় আমাদের শাট-ডাউন কর্মসূচি চলছে। দাবি না মানলে বিদ্যালয়ে তালা বদ্ধ করে আন্দোলন করার হুশিয়ারী দেন তিনি।
উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা টিপু সলতান বলেন, শিক্ষকদের কেন্দ্রীয় ১৫টি সংগঠনের মধ্যে ১১টিই আন্দোলনে অনীহা প্রকাশ করে পরীক্ষা নিতে বলেছে। কিন্তু কয়েকটি সংগঠন আন্দোলন করছে। পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত শিক্ষকদের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিদের্শনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামান বলেন, পরীক্ষা চলমান সময়ে কয়েকটি বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করতে উৎসাহিত করা হয়েছে। পরীক্ষা চলমান রাখতে প্রধান শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
