দু’পায়ে জাদু, ড্রিবলিংয়ে বিশ্ব মোহিত। বর্ণাঢ্য ক্যারিয়ারে গোলের সংখ্যা ৮৬০ ছাড়িয়ে গেছে লিওনেল মেসির। আর্জেন্টিনা, বার্সা, পিএসজি আর ইন্টার মায়ামির জার্সি গায়ে হাজারো মুহূর্ত জমা তার ঝুলিতে। কিন্তু এই বিশাল ভাণ্ডার থেকেও মেসি নিজের সবচেয়ে পছন্দের গোল বেছে নেওয়া কঠিনই মনে হয়েছিল মেসির জন্য। তবে সেই কঠিন প্রশ্নের উত্তর তিনি দিলেন বেশ সহজেই।
২০০৯ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। প্রতিপক্ষ রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ৭০ মিনিটে ডান প্রান্ত থেকে আসা জাভির মাপা ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান মাত্র ৫ ফুট ৭ ইঞ্চির মেসি। হেডে গোল করা কখনোই তার স্বাভাবিক অস্ত্র ছিল না। তবু ঠিক সেই গোলেই লেখা হয়ে যায় ইতিহাস।
বার্সা এগিয়ে যায় ২–০ ব্যবধানে, শিরোপা ওঠে কাতালানদের হাতে, আর মেসির মাথার ওপর জ্বলজ্বল করতে থাকে প্রথম ইউরোপিয়ান মুকুট।
সম্প্রতি ইন্টার মায়ামি ফাউন্ডেশনের এক ভিডিওতে নিজের প্রিয় গোলের প্রসঙ্গে মেসি বলেন, ‘অনেক সুন্দর বা গুরুত্বপূর্ণ গোল করেছি আমি। কিন্তু ২০০৯ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইউনাইটেডের বিপক্ষে করা হেডটা সব সময়ই আমার সবচেয়ে পছন্দের।’
তার ক্যারিয়ারে হেডে গোলের সংখ্যা মাত্র ২৮। সেখানে প্রতিদ্বন্দ্বী রোনালদো হেডে করেছেন ১৫৪টি। কিন্তু ওই একটাই হেড দিয়েই মেসি বুঝিয়ে দেন, কখনো কখনো সংখ্যাই সব কিছু না।
