মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় কীটনাশক জাতীয় বিষপান করে মোঃ সাগর মিয়া (২২) নামে এক প্রেমিক যুবক আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে এই ঘটনাটি ঘটে৷ নিহত যু্বক উপজেলার পৌর সদরের পালপাড়ার মোহাম্মদ জাকির মিয়ার ছেলে। প্রেম জনিত কারণে সাগর আত্মহত্যা করেছে বলে জানান স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানাযায়, প্রতিবেশী প্রবাসী আনোয়ার মিয়ার মেয়ে নিঝুম এর সাথে সাগর মিয়ার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল, নিঝুমের পরিবার বিষয়টি জানলে তাঁরা মেনে নিতে অস্বীকার করে এবং সাগরকে খারাপ আচরণ করে। তাদের এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরে সাগর রাগ করে মঙ্গলবার বিকেলে নবীনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন নতুন ভবনের কোনায় বসে কীটনাশক জাতীয় বিষপান করেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বাঙ্গরা বাজার নামক স্থানে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে নিঝুমের বাড়িতে গিয়ে নিঝুমসহ পরিবারের কাউকে খুঁজে পাওয়া যায়নি।
নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, সাগর মিয়ার মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শেষে লাশ নবীনগর থানায় নিয়ে আসে, এবং সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য সাগর মিয়ার লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
