জুলাই সনদে সংবিধান ৯ মাসে সংশোধন করবে আগামী সংসদ

প্রতীকি ছবি
শেয়ার

জাতীয় অনলাইন ডেস্ক-

জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে প্রথমে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ নামে একটি আদেশ জারি করা হবে। এরপর সংস্কার প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি নেওয়ার জন্য হবে গণভোট। আগামী সংসদ নিয়মিত কাজের পাশাপাশি প্রথম ২৭০ দিন (৯ মাস) সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। গণভোটে পাস হওয়া প্রস্তাবগুলো এই সময়ের মধ্যে সংবিধানে অন্তর্ভুক্ত করবে। জাতীয় ঐকমত্য কমিশন এভাবে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি সরকারকে সুপারিশ করতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আজ মঙ্গলবার দুপুরে অন্তর্বর্তী সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে সুপারিশ জমা দেবে ঐকমত্য কমিশন।

কমিশনের সুপারিশে সনদ বাস্তবায়নের একটি বিকল্পও থাকবে। ২৭০ দিনের মধ্যে সংসদ সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়ন না করলে কী হবে, তা নিয়ে বিকল্প সুপারিশ। তবে বিকল্পটি কী, তা সুনির্দিষ্টভাবে গতকাল সোমবার পর্যন্ত জানা যায়নি।তবে ঐকমত্য কমিশনের একটি সূত্র জানায়, কমিশনের আলোচনায় যে বিকল্পটি ছিল, তা হলো সংবিধান-সংক্রান্ত প্রস্তাবগুলো খসড়া বিল (সংবিধান সংশোধনী আইনের খসড়া) আকারে তৈরি করবে সরকার। বিলটি গণভোটে দেওয়া হবে।

গণভোটে এটি পাস হলে সংবিধান সংস্কার পরিষদ মূল ভাব ঠিক রেখে প্রস্তাবগুলো অনুমোদন করবে। আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ২৭০ দিনের মধ্যে তা অনুমোদন না করলে এগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকালই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সুপারিশের খসড়া সরকারকে জমা দেওয়ার পরিকল্পনা ছিল কমিশনের। তবে সুপারিশ চূড়ান্ত করার আগে কমিশনের প্রধান হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করা প্রয়োজন বলে কমিশনের সদস্যরা মত দেন। সে অনুযায়ী, গতকাল বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে কমিশনের সদস্যরা বৈঠক করেন। বৈঠকে সুপারিশের খসড়ার বিষয়ে প্রধান উপদেষ্টা ইতিবাচক মতামত দিয়েছেন।

গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ঐকমত্য কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়। সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায়–সম্পর্কিত সুপারিশ দিতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ দুপুর ১২টায় ঐকমত্য কমিশন সরকারের কাছে এ সুপারিশ হস্তান্তর করবে। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য অবসরপ্রাপ্ত বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.