খুলনায় বোরকা পরে ফার্মেসিতে দুর্বৃত্তদের গুলি, মালিকের ছেলে গুলিবিদ্ধ

শেয়ার

খুলনা প্রতিনিধি: মোঃ হাসিবুজ্জামান টিপু

খুলনা নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডে বোরকা পরে এসে চয়ণিকা ফার্মেসিতে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ফার্মেসির মালিকের ছেলে জারিফুজ্জামান জারিফ (৩২)  গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে নগরীর ৪৭ নম্বর টুটপাড়া সেন্ট্রাল রোডে অবস্থিত ফার্মেসিটিতে এ ঘটনা ঘটে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্বৃত্তদের ছোড়া গুলি জারিফের বাম পায়ের হাঁটুর ওপরের অংশে লাগে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ফার্মেসিতে কর্মরত কর্মচারীরা দ্রুত তাঁকে উদ্ধার করে খুলনা  মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, অজ্ঞাত ব্যক্তিদের চাঁদা দাবির কারণে গত ২৮ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত টানা ১৭ দিন ফার্মেসিটি বন্ধ ছিল। পরবর্তীতে খুলনা থানা পুলিশের সহযোগিতায় প্রতিষ্ঠানটি পুনরায় চালু করা হয়।

তবে আগের চাঁদা দাবির ঘটনার সঙ্গে শুক্রবারের গুলিবর্ষণের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারা, কী উদ্দেশ্যে এবং কেন ফার্মেসিতে গুলি চালিয়েছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায়  এনে বিচারের মুখোমুখি করা হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে, জনবহুল এলাকায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ফার্মেসির মালিকের ছেলেকে গুলি করার পেছনে কারা জড়িত এবং এর সঙ্গে পূর্বের চাঁদা দাবির কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে দ্রুত উদ্‌ঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.