দেশে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে সারাদেশে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। প্রতিষ্ঠানগুলোর শিক্ষক শিক্ষার্থীদের পরিস্থিতি মোকাবেলায় সচেষ্ট থাকার নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়। একই সাথে কোভিড-১৯ মোকাবেলায় সন্দেহভাজন রোগীর জন্য করণীয় তুলে ধরা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, সরকার ইতোমধ্যে করোনা ভাইরাস সংক্রমণ রোধ ও আক্রান্ত রোগীর চিকিৎসার্থে সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এ ভাইরাস সংক্রমণ রোধে সবার সতর্কতা ও সচেতনতা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সব অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সবাইকে এ পরিস্থিতি মোকাবেলায় সচেষ্ট থাকার নির্দেশ দেয়া হলো।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনাটি দৈনিক পল্লী নিউজে পাঠকদের জন্য তুলে ধরা হল।

