ইবি সংবাদদাতা :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় ২৩৭ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দা সিদ্দীকা, অধ্যাপক ড. সেলিম তোহা ও অধ্যাপক শাহজাহান মন্ডল। এছাড়াও বিভাগের অধ্যাপক ড. রেহেনা পারভীন ও অধ্যাপক আঞ্জুমান আরা সহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষকরা নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর প্রত্যেক নবীন শিক্ষার্থী তাদের পরিচয় প্রদান করেন। পরে বিভাগের শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, আইনের ছাত্র হিসেবে তোমাদেরকে সব সময় চিন্তা করতে হবে আমার দ্বারা যেন কারো কোন ক্ষতি না হয়। তোমার যেমন মানবীয় মর্যাদা আছে, অন্যেরও তেমন মানবীয় মর্যাদা আছে। চারিদিকে যেমন অনেক ভালো জিনিস রয়েছে, ঠিক তেমনি অনেক খারাপ জিনিসও রয়েছে। তোমাদেরকে বেছে নিতে হবে তুমি কোনটা গ্রহণ করবে।
তিনি আরও বলেন, হাইকোর্ট বিশ্ববিদ্যালয়গুলোকে র্যাগিং মুক্ত রাখতে কাজ করে যাচ্ছে। তোমরা সে দিকে খেয়াল রাখবে। তোমরা সব সময় বড়দেরকে সম্মান দিয়ে চলবে এবং ছোটদেরকে স্নেহ করে চলবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে তোমাদের আচরণবিধি ঠিক করতে হবে।
এদিকে, একই দিনে বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ, আইন ও ভূমি ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি ও মার্কেটিং বিভাগসহ প্রায় সকল বিভাগ নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে।
এদিকে, বিশ্ববিদ্যালয়কে র্যাগিং মুক্ত রাখার জন্য জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর জন্য মাইকিং করে প্রচার প্রচারণা চালানো হয়েছে। কারও বিরুদ্ধে র্যাগিং এর অভিযোগ প্রমানিত হলে তার ছাত্রত্বও বাতিল হতে পারে।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ র্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্সের সিদ্ধান্ত নিয়েছে। র্যাগিংয়ের সাথে কারও সম্পৃক্ততা থাকলে আমরা তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবো।
