নিজস্ব প্রতিবেদক :লক্ষ্মীপুরের কমলনগরে সূর্যের হাসি ক্লিনিকটি গত ১০ দিন ধরে বন্ধ। করোনা পরিস্থিতির কারণে নিজদের সুরক্ষায় ক্লিনিকের চিকিৎসা সেবা বন্ধ রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে উপজেলার বিভিন্ন এলাকার শত শত নারী ও শিশু সেবা বঞ্চিত হচ্ছে।
রোববার (৫ এপ্রিল) সকালে হাজিরহাট উপকূল কলেজ সংলগ্ন সূর্যের হাসি ক্লিনিকে গিয়ে দেখা যায় তালা ঝুলছে। এদিকে, সেবা নিতে আসা নারী ও শিশুরা সেবা না পেয়ে ফিরে যাচ্ছে।
স্থানীয়রা জানায়, গত ২৭ মার্চ থেকে ক্লিনিকটি বন্ধ। চিকিৎসা সেবাও চলছে না। রোগীরা এসে ফিরে যাচ্ছে। ক্লিনিক বন্ধ; কবে সেবা চালু হবে এই বিষয়েও কোনো নোটিশ দেওয়া হয়নি। যে কারণে অনেক রোগী একাধিকবার এসেও ফেরি গেছেন।
জানা গেছে, সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার ওই ক্লিনিকে চিকিৎসা সেবা দেওয়া হত। এখানে মায়ের স্বাস্থ্য সেবা, গর্ভকালীন সেবা, শিশু স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা পদ্ধতি, নিরাপদ প্রসব সেবা, প্রসব পরর্বতী সেবাসহ সাধারণ রোগের চিকিৎসা সেবা চালু ছিল। প্রতিদিন অর্ধশতাধিক রোগী সেবা নিতেন। নিন্তু গত ১০দিন থেকে ক্লিনিক বন্ধ থাকায় বঞ্চিত হচ্ছে গ্রামের নারী, শিশু ও সাধারণ রোগীরা।
ক্লিনিকের ল্যাব টেকনিশিয়ান নিপু চন্দ্র দাস বলেন, করোনা পরিস্থিতে নিজদের সুরাক্ষা নিশ্চিতের জন্য ক্লিনিকটি বন্ধ রাখা হয়েছে। সরকারি ছুঁটির সঙ্গে মিলিয়ে বন্ধ থাকবে ক্লিনিকটি।
ক্লিনিকের ম্যানেজার আবু সাঈদ মামুন বলেন, সূর্যের হাসি ক্লিনিক নেটওয়ার্ক কতৃপক্ষের সিদ্ধান্তে স্বাস্থ্য সেবা বন্ধ রাখা হয়। তবে মোবাইল ভিত্তিক স্বাস্থ্য সেবা কার্যক্রম চালু রয়েছে। সকল সরকারি ছুঁটির দিনগুলোতে আমাদের ক্লিনিকের সেবা বন্ধ থাকে।
প্রসঙ্গত, করোনা ভাইরাসের এই বিপজ্জনক পরিস্থিতে বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক সাধারণ রোগীদের চিকিৎসা না দিয়ে হাত গুটিয়ে বসে থাকলে তাদের লাইসেন্স বাতিলসহ কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
অশ্রেণীভুক্ত
কমলনগরে সূর্য়ের হাসি ক্লিনিক বন্ধ, সেবা বঞ্চিত নারী ও শিশুরা
