শম্ভুপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া, আলোচনায় মামুন অর-রশিদ পাটোয়ারী।

শেয়ার

রুবেল চক্রবর্তী,ভোলা।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে আলোচনা। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন সাবেক ছাত্রদল নেতা ও ঢাকাস্থ তজুমদ্দিন জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুন অর-রশিদ পাটোয়ারী।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তাঁকে নিয়ে চলছে নানা আলোচনা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মামুন অর-রশিদ পাটোয়ারী দীর্ঘদিন ধরে শম্ভুপুর ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর অংশগ্রহণ রয়েছে। মানুষের সুখে-দুঃখে পাশে থাকার কারণে স্থানীয় পর্যায়ে তাঁর পরিচিতিও রয়েছে বলে জানান অনেকে।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে শম্ভুপুর ইউনিয়নকে আরও উন্নত, আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। তাঁর পরিকল্পনার মধ্যে রয়েছে ইউনিয়নের যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ, তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মাদকমুক্ত সমাজ গঠন এবং শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়া। নিজের নির্বাচনী আগ্রহের বিষয়ে আলহাজ্ব মামুন অর-রশিদ পাটোয়ারী বলেন, আমার নেতা জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের দিকনির্দেশনা এবং দলের শৃঙ্খলা বজায় রেখে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শম্ভুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা রয়েছে।

আমি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। দল ও এলাকার মানুষের আস্থা পেলে শম্ভুপুর ইউনিয়নের উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। কোনো বিভেদ নয়—সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই। এলাকার উন্নয়ন ও মানুষের জীবনমানের উন্নয়ন করাই আমার প্রধান লক্ষ্য। জনগণই উন্নয়নের মূল শক্তি।
এদিকে আসন্ন নির্বাচনকে ঘিরে শম্ভুপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ও আগ্রহ বাড়ছে। তবে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা, প্রার্থীদের চূড়ান্ত অংশগ্রহণ এবং রাজনৈতিক সমীকরণের ওপরই  নির্ভর করছে নির্বাচনী মাঠের পরবর্তী পরিস্থিতি। শেষ পর্যন্ত কে হবেন শম্ভুপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, তা জানতে অপেক্ষায় রয়েছেন স্থানীয় ভোটাররা।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.