মোঃ হাসিবুজ্জামান টিপু, স্টাফ রিপোর্টার
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলার পাঁচটি থানায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করা হবে না বলে আশ্বস্ত করেছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মুস্তাফিজুর রহমান।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট পুলিশ বক্সের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে ডিআইজি মো. মুস্তাফিজুর রহমান বলেন, জনশৃঙ্খলা রক্ষা, সরকারি সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। গোপালগঞ্জ পৌরসভাসহ জেলার চারটি উপজেলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বর্তমানে জেলার সার্বিক আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পুলিশ মোতায়েনের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। সকাল থেকে আপনারা দেখছেন, জননিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক আছে। জেলার পৌরসভা ও চারটি উপজেলাতেই আমাদের নিরাপত্তাব্যবস্থা রয়েছে।’
গতকালের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে ডিআইজি জানান, এসব ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে জেলার পাঁচটি থানায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার পাশাপাশি কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।তিনি আরও জানান, জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা অব্যাহত থাকবে।
প্রেস ব্রিফিংয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ, সহকারী পুলিশ সুপার হাসানুর রহমান, গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
