রায়পুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান

শেয়ার

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:

‘ডায়াবেটিসে দেরি নয়, এখনই ব্যবস্থা নিন’—এ প্রতিপাদ্য সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রায়পুর ডায়াবেটিস সমিতির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) সকালে র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রায়পুর ডায়াবেটিস সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়পুর ডায়াবেটিস সমিতির সভাপতি মো. শহিদ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, রায়পুর সরকারি  কলেজের অধ্যক্ষ আবুল বাশার, রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হেলাল উদ্দিন, মো. মুক্তার হোসেন, মোহাম্মদ বোরহান উদ্দিন এবং সমিতির মেডিকেল অফিসার চিকিৎসক মো. মেহেদী হাসান।
সমিতির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির বলেন, রোগীদের সেবা প্রদানের সুযোগ দেওয়ায় তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ। রায়পুর ডায়াবেটিস সমিতি প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ডায়াবেটিসের চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং এ রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।
চিকিৎসক মো. মেহেদী হাসান (এমবিবিএস, সিসিডি-বারডেম)  রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। আয়োজকেরা জানান, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত পরীক্ষা, সময়মতো চিকিৎসা গ্রহণ এবং সচেতন জীবনযাপনের বিকল্প নেই।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.