- কমলনগর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ আশ্রাফ উদ্দিন নিজান বলেছেন, রাজনীতিতে সততা ও স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক পথ চলায় তাঁর বিরুদ্ধে কেউ কখনো দুর্নীতির বা ঘুষ খাওয়ার অভিযোগ তুলতে পারেনি।
আজ ১৩ নভেম্বর (শুক্রবার) বিকালে কমলনগরস্থ নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি আরো বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী দল—জামায়াত, এনসিপি, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন কিংবা আওয়ামী লীগ—কেউই কখনো তাঁর বিরুদ্ধে ঘুষ বা দুর্নীতির কোনো অভিযোগ করতে পারেনি।
এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বলেন, নেতার সততা থাকলে কর্মীদেরও সেই আদর্শ ধারণ করতে হবে। শালিশ-দরবার বা বিভিন্ন অজুহাতে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়া কিংবা নিজেদের নেতাকর্মীদের কাছ থেকেও অবৈধ সুবিধা নেওয়ার প্রবণতা পরিহার করার আহ্বান জানান তিনি।
হুইপ আশ্রাফ উদ্দিন নিজান আরও যোগ করেন, জনগণের ভালোবাসা ও আস্থার মাঝেই তাঁর প্রকৃত অর্জন এবং কর্মীদের সততা ও জনসেবামূলক আচরণই নেতার আসল শক্তি।
