মোঃ হাসিবুজ্জামান টিপু, স্টাফ রিপোর্টার
খুলনায় আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে শুরু হচ্ছে নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা-২০২৬। নগরীর বয়রাস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বইমেলা চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বইপ্রেমী, লেখক, পাঠক ও সাহিত্যানুরাগীদের পদচারণায় মুখর হয়ে উঠবে মেলাপ্রাঙ্গণ। এবারের মেলায় থাকছে মোট ৯০টি স্টল।
মঙ্গলবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করা হবে। এ উপলক্ষ্যে সোমবার বিকেলে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব ও বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন।
প্রেস কনফারেন্সে বিভাগীয় কমিশনার বলেন, জ্ঞানমনস্ক ও আলোকিত জাতি গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই। সাধারণ মানুষের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণই এ বইমেলার মূল লক্ষ্য। এ লক্ষ্যকে সামনে রেখে সরকার দেশব্যাপী বিভাগীয় পর্যায়ে সৃজনশীল বইমেলার আয়োজন করছে। তারই ধারাবাহিকতায় খুলনায় এ বইমেলার আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, বই মানুষের চিন্তা, চেতনা ও মননশীলতাকে সমৃদ্ধ করে। বই পড়ার মাধ্যমে মানুষ আনন্দ-বেদনার কাব্যিক ও দার্শনিক সত্যের সন্ধান পায়। কর্মব্যস্ত জীবনের ক্লান্তি দূর করার পাশাপাশি বই মানুষকে বিভিন্ন বিষয়ে জ্ঞান ও নতুন চিন্তার খোরাক জোগায়।
প্রেস কনফারেন্সে জানানো হয়, বইমেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। তবে সরকারি ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।
মেলাকে প্রাণবন্ত ও পাঠকবান্ধব করতে প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠ এবং শিশু-কিশোরদের জন্য কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা। পাশাপাশি ‘সংস্কৃতি ও নৈতিকতা’, ‘মানবতাবাদ ও বিশ্ব শান্তি’ এবং ‘বাংলাদেশী জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্র’ বিষয়ে তিন দিনে তিনটি সেমিনারের আয়োজন করা হয়েছে।
এছাড়া মেলা থেকে বই ক্রয়কারীদের জন্য প্রতিদিন কুপনের মাধ্যমে তিনজন সৌভাগ্যবান ক্রেতাকে পুরস্কৃত করার ব্যবস্থা রাখা হয়েছে। এবারের মেলায় মোট ৯০টি স্টল থাকছে। এর মধ্যে ঢাকা থেকে আগত প্রকাশনীগুলোর জন্য ৭১টি এবং বিভাগীয় ও জেলা পর্যায়ের অফিসগুলোর জন্য নয়টি স্টল বরাদ্দ রয়েছে। পাশাপাশি পুলিশ কন্ট্রোলরুম, তথ্যকেন্দ্র, নার্সারি, পাঠক আড্ডা ও গণমাধ্যমকর্মীদের জন্য একটি করে স্টল এবং পাঁচটি খাবারের স্টল থাকবে। প্রকাশনীগুলো তাদের নিজস্ব প্রকাশিত বই প্রদর্শন ও বিক্রি করবে।
প্রেস কনফারেন্সে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মোঃ মনজুর আলমসহ খুলনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এবং সৃজনশীল প্রকাশনাসমূহের সহযোগিতায় এ বইমেলা অনুষ্ঠিত হচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা, এ বইমেলা শুধু বই কেনাবেচার আয়োজন নয়; বরং নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি, সৃজনশীল চিন্তার বিকাশ এবং আলোকিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
