বাবুল খানঃ
দীর্ঘদিন অসুস্থ থাকার পর অবশেষে চলে গেলেন গাজীপুরের বর্ষীয়াণ রাজনীতিবিদ শ্রীপুর পৌরসভার টানা চারবারের নির্বাচিত মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান। তিনি দীর্ঘদিন যাবত লিভার ও কিডনি রোগে আক্রান্ত হয়ে আজ বরিবার ঢাকার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে বিকাল ৩ টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬৫ বছর।
তার মৃত্যুর সংবাদ শুনে তার বোন রাশিদা হার্ট অ্যাটাক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ভাই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আনিছুর রহমান ছাত্র জীবন থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন তিনি শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজে ১৯৯১সালে ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটে ভিপি নির্বাচিত হন। পরবর্তীতে ২০০১ সালে শ্রীপুর পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র নির্বাচিত হয়ে ২০২৪ সালের ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে আগ পর্যন্ত টানা ২৩ বছর পৌরসভার নির্বাচিত মেয়র ছিলেন।
তাছাড়া তিনি দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি এলাকায় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুর সংবাদে জেলা আওয়ামী পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি ইকবাল হোসেন সবুজ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান ও জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরে নেতাকর্মীরা।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪কন্যা, জামাতা, নাতী, ভাই-বোন আত্মীয়-স্বজন, অসংখ্য নেতা কর্মী ও অনেক গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ আগামীকাল সোমবার মাধখলা ইংলিশ এডুকেয়ার সেন্টার মাঠে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে মাধখলা পারিবারিক গোরস্থানে পিতা মাতার কবরের পাশে সমাহিত করা হবে।
