বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবার নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক নিতে যাচ্ছেন। জানা গেছে, ‘স্পিরিট’ ছবির জন্য দীপিকা ২০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। তার এই পারিশ্রমিক স্বামী রণবীর সিংয়ের সাম্প্রতিক পারিশ্রমিককেও ছাড়িয়ে গেছে বলে জানা গেছে।
এই সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা প্রভাসকে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবু দীপিকার এই বিশাল পারিশ্রমিক নিয়ে এরই মধ্যে বলিউড পাড়ায় চর্চা শুরু হয়েছে।
‘স্পিরিট’ সিনেমাটি পরিচালনা করছেন কবির সিং ও অর্জুন রেড্ডিখ্যাত ভারতীয় পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এই সিনেমার মাধ্যমে প্রথমবার প্রভাসের সঙ্গে কাজ করতে চলেছেন তিনি। তবে সিনেমার কাস্টিং, শুটিং ও মুক্তির তারিখ নিয়ে এখনও কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি।
এদিকে প্রথমে দীপিকার কাছে এই ছবির প্রস্তাব যখন আসে, তখন তিনি মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। যার কারণে অভিনয় না করার আগ্রহ দেখান তিনি। তবে পরে নির্মাতা শুটিংয়ের সময়সূচিতে পরিবর্তন আনেন। তারপরই ‘স্পিরিট’ সিনেমায় কাজের জন্য রাজি হন দীপিকা। কন্যা দুয়ার জন্মের পর এটি হবে দীপিকার প্রথম সিনেমা।
প্রসঙ্গত, দীপিকা পাড়ুকোনকে সবশেষ দেখা যায় রোহিত শেট্টির ‘সিংঘাম অ্যাগেইন’ সিনেমায়।
