অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ২২টি সভায় নেওয়া ১৩৫ সিদ্ধান্তের মধ্যে ৯২টি বাস্তবায়িত হয়েছে। শতাংশের হিসেবে তা ৬৮ ভাগ।
মঙ্গলবার (৪ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ তথ্য উপস্থাপন করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ৮ আগস্ট থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত মোট ২২টি উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময়ের মধ্যে ২০টি অধ্যাদেশ জারি করা হয়েছে। দুটি নীতিমালা অনুমোদন করা হয়েছে এবং ১১টি দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক চুক্তি ও প্রটোকল স্বাক্ষরিত হয়েছে। এ ছাড়া গতকাল অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় মন্ত্রিপরিষদের উত্থাপিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা-২০২৪’ বাতিলের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ ছাড়া একই মন্ত্রণালয়ের আরেক প্রস্তাব, ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহিদ সেনা দিবস (সরকারি ছুটি ছাড়া)’ পালনের প্রস্তাব ভূতাপেক্ষ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
উপদেষ্টা পরিষদের সভায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা-২০২৪’ বাতিল করেছে সরকার। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে পাঠানো ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে সরকার।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে জানা গেছে, যেসব স্থানে ব্যক্তির নাম ও উপাধি ব্যবহার করা হয়েছে, সেসব স্থান থেকে বঙ্গবন্ধু উপাধি ও শেখ মুজিবুর রহমান এই নাম বিলুপ্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারের নির্দেশে বিদ্যমান আইন দুটি থেকে নাম ও উপাধি বিলুপ্ত করে আইনের প্রস্তাবিত খসড়া অনুমোদন করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাঠানো হিজরি ১৪৪৬ (২০২৫) সালের রমজান মাসে সব সরকারি ও আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণের প্রস্তাব ভূতাপেক্ষ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
এ ছাড়াও পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের প্রস্তাব অনুযায়ী ‘বিশ্ব পরিসংখ্যান দিবস’ এবং ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ একই সঙ্গে ২০ অক্টোবর ২০২৫ তারিখে উদযাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
উপদেষ্টা পরিষদের অনুমোদনের জন্য স্বাস্থ্য সেবা বিভাগের প্রস্তাবে, জনস্বাস্থ্য রক্ষায় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে চিনি, লবণ ও স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার ও পানীয়ের মোড়কে চিনি, লবণ ও স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ সম্পর্কিত সতর্কবার্তা দেওয়ার কথা বলা হয়েছে। উপদেষ্টা পরিষদ এই প্রস্তাবটিও অনুমোদন দিয়েছে।
