ভ্যাট বৃদ্ধির প্রভাব জনগণের ওপরেই বর্তাবে: সামস মাহমুদ

শেয়ার

বর্তমানে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। এর ওপর সরকার যে ভ্যাট বাড়িয়েছে, তাতে সাধারণ মানুষের ওপরই এর প্রভাব বেশি পড়বে। বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণির নির্ধারিত আয়ের মানুষ, অবসরোত্তর জনগণ যারা অবসর ভাতার ওপর নির্ভর করেই চলেন, তাদের ওপর বেশি চাপ পড়বে। কেননা ১৫ শতাংশ ভ্যাটের প্রভাবে তাদের খরচ বাড়লেও বাড়তি আয়ের সংস্থান নেই। ফলে তাদের ভোগ কমাতে হবে। অর্থাৎ চাহিদা কমবে। চাহিদা কমলে অন্যদিকে উৎপাদন পর্যায়ে সরবরাহ কমে যাবে। যার দায় পড়বে সংশ্লিষ্ট কোম্পানির ওপর। কোম্পানিটি যে ক্যাশ ফ্লো নিয়ে কাজ শুরু করেছিল, সেখানে সংকোচন করতে হবে। আর সবচেয়ে বড় যে সমস্যা হবে, টার্নওভার করের সীমা ৫০ লাখ থেকে কমিয়ে ৩০ লাখ করায় এসএমই উদ্যোক্তারাও এখন ভ্যাটের আওতায় আসবে। এর ফলে এসএমই খাতে বড় ধাক্কা আসবে। এখন সব ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে। ফলে এই চাপ ভোক্তার ওপরই বর্তাবে।

 

আমরা ব্যবসায়ীরা বুঝতে পারছি সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির ব্যয় বাড়াতে হলে অর্থের প্রয়োজন। সেই অর্থের সংস্থানের জন্যই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সরকার আওতা না বাড়িয়ে কেন কর বৃদ্ধি করেছে, সেটা বোধগম্য নয়। সরকার মূল সমস্যা সমাধানে হাত দিচ্ছে না। সেখানে তেমন কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত বাস্তবায়ন এবং বাড়তি অর্থের সংস্থানের জন্যই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। এটা না করে সরকার বিকল্প উপায়েও অর্থের সংস্থান করতে পারত। যেমন রাজস্বসংক্রান্ত কয়েক হাজার মামলা বছরের পর বছর ঝুলে আছে। এসব মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিলে সরকারের রাজস্ব আদায় অনেক বেশি বাড়ত। অন্যদিকে ভ্যাট বাড়িয়ে যদি ২৫ শতাংশও করা হয়, তাতেও কোনো লাভ হবে না। কারণ ভ্যাটের সিস্টেম যদি ঠিক না থাকে, তাহলে সেটা সরকারের কোষাগারে জমা হবে না। এসব সিস্টেম ঠিক না করে সরকার যে পথে হাঁটছে, তা আত্মঘাতী সিদ্ধান্ত বলেই মনে করি। গত বছর যে বিদ্যুৎ বিল বাড়ানো হয়েছিল, সেটার ধাক্কাই আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি। তার মধ্যে অধিকাংশ ব্যবসায়ী এই মূহূর্তে নগদ টাকার সংকটে রয়েছে। সেই সঙ্গে ঋণের সুদের হারও অনেক বেশি। সবকিছু মিলিয়ে আমরা ব্যবসায়ীরা বড় ধরনের চাপের মধ্যে রয়েছি। এর মধ্যে ভ্যাট বৃদ্ধির ফলে এই চাপ আরও বাড়বে।

সাবেক সভাপতি, ডিসিসিআই

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.