বৃহস্পতিবার থেকে সারাদেশে শীত বাড়তে পারে

শেয়ার

দেশের অধিকাংশ স্থানের তাপমাত্রা কমে আসতে পারে আগামী বৃহস্পতিবার (৯ জানুয়ারি)। সে ক্ষেত্রে আবারও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে দেশের উত্তরাঞ্চলে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা গতকাল সোমবার বলেন, বৃষ্টির পর আগামী বৃহস্পতিবার থেকে দেশের অধিকাংশ স্থানের তাপমাত্রা কমে আসার সম্ভাবনা রয়েছে। ফলে শৈত্যপ্রবাহের সম্ভাবনাও আছে।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানী ঢাকায় ছিল ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাস অনুযায়ী আজ মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সারা দেশে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। একই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত থাকতে পারে কুয়াশা। আগামীকাল বুধবার সারা দেশে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। দিনের তাপমাত্রাও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পরবর্তী সময়ে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, পর্যায়ক্রমে তাপমাত্রা কমতে থাকলে দেশের বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তথ্য অনুযায়ী দেশের একাধিক স্থানে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে তখন মৃদু আর ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি আকারের শৈত্যপ্রবাহ ধরা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার দেশের ১৩ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.