আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ এশিয়া ব্যাংক পানপাড়া বাজার উপ-শাখার ক্যাশিয়ার ও সামাজিক সংগঠন সংশপ্তক অ্যাসোসিয়োশনের প্রতিষ্ঠাতা মোঃ ঈমান হোসেন স্বপন (২৭) এর উপর দুর্বৃত্তরা এলোপাতাড়ি হামলা করে সাথে থাকা মোবাইল, নগর টাকা ও মোটর সাইকেল নিয়ে যায়।
পরে স্থানীয়রা স্বপনকে উদ্ধার করে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনাটি ঘটেছে (১৭ আগস্ট) বৃহস্পতিবার, রাত ১০টায় রামগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের ফহেতপুর মোটের পোলের গোড়ায়। স্বপন উপজেলার চন্ডিপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মোঃ আবুল কাশেমের ছোট ছেলে। এই ঘটনার স্বপনের বৃদ্ধা মা ও পরিবার হসপিটালে কান্নায় ভেঙ্গে পড়েন।
স্থানীয় সূত্রে জানা যায়, সপ্তাহে প্রতি বৃহস্পতিবার আছরের পর থেকে সন্ধা পর্যন্ত সংশপ্তক অ্যাসোসিয়োশনের বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান কার্যক্রম পরিচালিত করেন। সেখানে স্বপন সহ তার সহপাঠীরা বিনা পারিশ্রমিকে শিশুদের পাঠদান করান। সেখান থেকে সকল কার্যক্রম শেষ করে রাত আনুমানিক ১০টার সময় মোটর সাইকেল যোগে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে পানপাড়া বাজারের আগে পতেহপুর মোটের পোলের গোড়ায় একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে কোন কিছু বুঝে উঠার আগেই সন্ত্রাসীরা তার উপর এলোপাতাড়ি হামলা শুরু করে। হামলার পর স্বপনের সাথে থাকা নগদ অর্থ, মোবাইল ও মোটর সাইকেল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
স্বপনের বড় ভাই সুজন জানান, স্বপন নিয়ম অনুযায়ী প্রতিদিনের ন্যায় দুপুরের পর বাড়ি থেকে বের হন। সে সব সময় সামাজিক কার্যক্রম পরিচালিত করেন। কারো সাথে তার শত্রুতা আছে আমাদের মনে হয়না। যে বা যারাই হামলা করেছে, আমরা ওই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
রামগঞ্জ সরকারী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জানান, স্বপনকে প্রাথমিক চিকিৎসা শেষে পর্যবেক্ষনে রাখা হয়েছে। তবে মাথা ফেটে যাওয়ায় অনেক রক্তক্ষরন হয়েছে। শরীরের বেশীরভাগ অংশেই মাংশপেশীতে গুরতর আঘাতের চিহৃ রয়েছে। অবস্থা অবনতি হলে ঢাকায় পাঠাতে হতে পারে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বপনের অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
