ক্যারিয়ারের প্রথম মুক্তি পাওয়া সিনেমায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। ঈদুল আজহায় সিনেমাটি দেশের শতাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে। দর্শক হুমড়ি খেয়ে পড়ছেন এটি দেখার জন্য।
এদিকে কলকাতায় বলে সব খবর রাখছেন ইধিকা পাল। স্বাভাবিকভাবে দর্শকের এই প্রতিক্রিয়ায় তিনি উচ্ছ্বসিত। সংবাদমাধ্যমকে জানান, বাবা-মাকে নিয়ে প্রিয়তমা দেখতে বাংলাদেশে আসছেন তিনি।
ইধিকা বলেন, “আমি এখন কলকাতায়। তবে ‘প্রিয়তমা’র জন্য আমার মন পড়ে আছে বাংলাদেশে। কবে সেখানে গিয়ে সবার সঙ্গে সিনেমাটি দেখতে পারব সেই তর আর সইছে না। আর হ্যাঁ অবশ্যই আমার সঙ্গে আমার বাবা-মাও যাবে। তাদের নিয়েই বাংলাদেশে বসে ‘প্রিয়তমা’ দেখব।”
শোনা যাচ্ছে, বছরের শুরুতেই সোহম চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে টলিপাড়ার একটি ছবিতে কাজ করে ফেলেছেন নায়িকা। যদিও এই ছবির কিছুই ঘোষণা হয়নি। তাই এ প্রসঙ্গে ইধিকাকে প্রশ্ন করা হলেও নায়িকা এড়িয়ে গিয়েছেন।
সিনেমা মুক্তির পর থেকেই ও পার বাংলা থেকে ইধিকার কাছে নতুন কাজের প্রস্তাব আসছে। কলকাতাতেও বেশ কিছু ছবির কথা এগিয়েছে।
তবে সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত অভিনেত্রী অবশ্য এই প্রসঙ্গে মুখ খুলতে নারাজ। আপাতত ‘প্রিয়তমা’ নিয়ে দর্শকের প্রতিক্রিয়া জানতেই তিনি বেশি উৎসাহী।
